Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ঠিকাদার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৫

অরক্ষিত রেলক্রসিং।

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের নিচে চাপা পড়ে শাহ জামাল (৫৯) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ‘নাসির ডাক্তারের গলি’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

একই ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহত ব্যক্তিটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত শাহ জামালের বাড়ি কুড়িগ্রাম জেলার চর শিতাইঝাড় গ্রামে। তিনি ঠিকাদারি কাজের সূত্রে কুষ্টিয়ার পুলিশ লাইন্সের সামনে ভাড়া বাসায় থাকতেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে পূর্ব মজমপুরের নাসির ডাক্তারের গলিতে অবস্থিত রেলক্রসিংটিতে কোনো গেট বা গেটম্যান নেই। ফলে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে। ওই দিন সকালে ঠিকাদারের মোটরসাইকেলটি রেললাইন পার হওয়ার সময় হঠাৎ রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এসে পড়ে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহ জামালের মৃত্যু হয়।

ঘটনার পরপরই এলাকাবাসী বিক্ষোভ করেন এবং অরক্ষিত রেলক্রসিংটিতে দ্রুত গেট স্থাপন ও গেটম্যান নিয়োগের দাবি জানান।

পোড়াদহ জিআরপি থানা-র উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দীন বলেন, রেলগেট ও গেটম্যান না থাকায় অসাবধানতাবশত মোটরসাইকেলটি রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের নিচে চাপা পড়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর