সাতক্ষীরা: নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও ঈশ্বরীপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত আইবুড়ি নদী। এতে প্রায় ২০ হাজার বিঘা কৃষিজমি এবং নদীতীরের অন্তত ৭০০ পরিবারের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজা প্রতাপাদিত্য’র রাজধানী খ্যাত শ্যামনগরের ধুমঘাট হাটখোলায় নদীর নাব্যতা রক্ষা ও পুনঃখননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ঈশ্বরীপুর ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সভাপতি এম. জিল্লুর রহমান। মুন্সিগঞ্জ ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সভাপতি ডা. যোগেশ মণ্ডলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বীরেন্দ্র নাথ বিশ্বাস, প্রজন্ম রক্তদান সংস্থার সভাপতি আহমেদ রাজু, এসডি মিলন সংঘের শরীফ হোসেন, জেলেখালি ভাই ভাই সংঘের সাধারণ সম্পাদক সাধন কুমার পরমাণ্য, শাপলা নারী উন্নয়ন সংগঠনের আল্পনা রানি মিস্ত্রি, সাইমুম যুব সংঘের সুমন হোসেন, মধুদ্যুতি মণ্ডলসহ অনেকেই। আরও সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি মো. বিলাল হোসেন।
বক্তারা বলেন, অবৈধ নেট-পাটা দিয়ে নদীর বিভিন্ন অংশে বাঁধ দেওয়ায় স্বাভাবিক স্রোত বাধাগ্রস্ত হচ্ছে। ফলে নদীতে পলি জমে নাব্যতা কমে গেছে এবং পানি নিষ্কাশনের সক্ষমতা কমেছে। এতে বর্ষা মৌসুমে দুই তীরের গ্রামগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, কৃষি উৎপাদন ব্যাহত হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে।
তারা আরও বলেন, কৃষিপ্রধান মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালী ও কচুখালী গ্রামের প্রায় ছয় হাজার বিঘা এবং ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট ও দক্ষিণ শ্রীফলকাটি এলাকায় প্রায় ১৪ হাজার বিঘা জমিতে ধান, সবজি ও চিংড়ি চাষ হয়। এসব এলাকার মাঝ দিয়ে প্রবাহিত আইবুড়ি নদীই ছিল কৃষি সেচ ও জীবিকার প্রধান ভরসা।
বক্তারা বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় সেচ ও পানি নিষ্কাশন সংকটাপন্ন হয়ে পড়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে কৃষিভিত্তিক অর্থনীতি আরও বিপর্যস্ত হবে।
তারা সরকারি উদ্যোগে আইবুড়ি নদী পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ এবং জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানান। দ্রুত পদক্ষেপ না নিলে কৃষি, জীবিকা ও পরিবেশ হুমকির মুখে পড়বে বলেও সতর্ক করেন তারা।