Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিয়ায় বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত অন্তত ২১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৬

বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষ।

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের উপস্থিতিতে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বিএনপির একটি অফিস, বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, মোটরসাইকেলসহ কয়েকটি গাড়ি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে প্রায় ২ ঘণ্টাব্যাপী চলে এ ধাওয়া-পালটা ধাওয়া।

আহতদের মধ্যে রয়েছে- বিএনপি কর্মী আকবর, হেলাল, রিয়াদ, জাহের, হক সাহেব, লুবনা আক্তারসহ উভয় পক্ষের অন্তত ২১ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজারে আসেন নোয়াখালী-৬ হাতিয়া আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। এ সময় তিনি এলাকার নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন। পরে প্রকল্পে মানুষের উদ্দেশ্য ও বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দেন মাসউদ। বক্তব্য শেষে ফেরার পথে প্রকল্প বাজারে বিএনপির লোকজনের সঙ্গে ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়। যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

বিজ্ঞাপন

এ সময় বিএনপির অফিস, দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে নিজের নেতাকর্মীদের নিয়ে সড়কে বসে কিছুক্ষণ অবস্থান নেন মাসউদ।

এমপি আবদুল হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, ‘আমি প্রকল্প বাজারে ক্ষতিগ্রস্ত লোকজনকে দেখে আসার পথে স্থানীয় বেলাল ডাকাতের নেতৃত্বে আমার গাড়িবহরের পিছন থেকে হামলা করা হয়েছে। বেলাল ডাকাত আগে আওয়ামী লীগ ছিল, এখন সে বিএনপি করে। এ সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘প্রকল্পে মাউদ উশৃঙ্খল বক্তব্য দেন। তার এমন বক্তব্যের পর তার দলের নেতাকর্মীরা বাজারে উঠে প্রথমে বিএনপির অফিস ভাঙচুর করে। পরে তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাঙচুর শুরু করলে স্থানীয় লোকজন তাদের প্রতিরোধের চেষ্টা করে। এ সময় হান্নানের লোকজন স্থানীয়দের এলোপাতাড়ি মারধর শুরু করলে বিএনপির কয়েকজন নেতাকর্মী এগিয়ে গিয়ে সেটি প্রতিরোধ করার চেষ্টা করে হামলার শিকার হন হেলাল নামের আমাদের এক কর্মী। পরে হান্নানের লোকজনের দফায় দফায় হামলা চালিয়ে আমাদের নেতাকর্মীসহ অন্তত ১২ জন আহত করে।

তিনি আরও বলেন, ‘এখনো হান্নান নিজে বাজারের পাশে অবস্থান নিয়ে নিজে নেতৃত্ব দিয়ে তার অস্ত্রধারী বহিরাগত সন্ত্রাসীদের আরও উত্ত্যক্ত করে তুলছে।’

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর