Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরের শহর সৈয়দপুরে পুরান ঢাকার আদলে ইফতারের আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৬ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৮

নীলফামারী: রমজান মানেই সংযম আর ইবাদতের মাস। আর সেই ইবাদতের অন্যতম অনুষঙ্গ ইফতার। উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুরে ইফতার এখন শুধু ধর্মীয় অনুষঙ্গ নয়, রীতিমতো এক ঐতিহ্যবাহী উৎসবে পরিণত হয়েছে। পুরান ঢাকার আদলে বাহারি ও রকমারি স্বাদের ইফতার সামগ্রী নিয়ে জমজমাট হয়ে উঠেছে সৈয়দপুরের ইফতারির দোকান গুলো।

ঐতিহ্যগতভাবে ইফতারের বৈচিত্র্যের জন্য রাজধানীর পুরান ঢাকার সুনাম দেশজুড়ে। সেই খ্যাতির সঙ্গে সামঞ্জস্য রেখে এখন সৈয়দপুরেও মিলছে পুরান ঢাকার আদলে বাহারি ইফতারের আয়োজন। শাহি পরোটা, জালি কাবাব, কাচ্চি, হালিম, বিরিয়ানি, শাহি জিলাপি, সানার জিলাপি, ফালুদা, গরু ও খাসির শিক কিংবা বিভিন্ন চিকেন আইটেম। সব মিলিয়ে রঙে-স্বাদে এক ভিন্ন আমেজ তৈরি হয়েছে সৈয়দপুরের ইফতার বাজারে। নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার পাশাপাশি নানা বয়সী ও শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন ইফতারের দোকানগুলোতে। ক্রেতারা বলছেন, সুস্বাদু, মুখরোচক এবং স্বাস্থ্যসম্মত হওয়ায় সৈয়দপুরের ইফতারের দোকানগুলো থেকে নিশ্চিন্তে ইফতার কেনেন তারা।

বিজ্ঞাপন

ক্রেতা শাহজান আলী ও জাকির হোসেন জানান, ‘ঢাকার আদলে বাহারি ও বৈচিত্র্যময় ইফতার এখন সৈয়দপুরে সহজে পাওয়া যাচ্ছে। এখানকার ইফতার শুধু দেখতেই সুন্দর নয়, মানও বেশ ভালো। বাড়িতে ইফতার বানালেও স্বাদ এমন হয় না, সে কারণেই আমরা নিয়মিত এখান থেকেই ইফতার কিনে থাকি।’

অন্যদিকে বিক্রেতারা বলছেন, ভিন্নধর্মী স্বাদ, নান্দনিক পরিবেশনা আর মানসম্মত খাবারের কারণেই দিন দিন ক্রেতার সংখ্যা বাড়ছে।
তারা জানান, ‘খাবারের মান ঠিক রাখা এবং শতভাগ স্বাস্থ্যসম্মত ইফতার নিশ্চিত করতেই আমরা সবসময় সর্বোচ্চ চেষ্টা করছি। সৈয়দপুর একটি গুরুত্বপূর্ণ ব্যাবসায়িক নগরী হওয়ায় এখানে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষের আনাগোনা থাকে। দিনের কাজ শেষে বাড়ি ফেরার সময় নানা শ্রেণি ও পেশার মানুষ ইফতার কিনতে দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন।’

স্বাদ, ঐতিহ্য আর বৈচিত্র্যের সুন্দর মেলবন্ধনে রমজানের বিকেলগুলো এখন বেশ প্রাণচঞ্চল হয়ে উঠেছে রেলের শহর সৈয়দপুরে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর