রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার কাকরামারি থেকে ভারতে পাচারকালে একটি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে রাজশাহী ব্যাটালিয়ন (বিজিবি-১)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে পাথরটি উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
এ বিষয়ে বিজিবি-১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চোরাচালানের খবর পেয়ে বাঘা থানাধীন কাকরামারি এলাকার নিকটস্থ আম বাগানে এ্যাম্বুস করে থাকে বিজিবি। দীর্ঘসময় এ্যাম্বুসে থাকার পর বিজিবি’র আভিযানিক দল দেখতে পায় যে, চার-পাঁচ জন লোক বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশ হতে ভারতের দিকে যাচ্ছে। তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বস্তাটি ফেলে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যান।
পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দলটি ওই বস্তাটি খুললে তার মধ্য হতে ১টি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত দুর্লভ কষ্টি পাথরের মূর্তির বিষয়ে যথাযথ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।