কক্সবাজার: কক্সবাজার সীমান্তে মিয়ানমার থেকে পালিয়ে আসা মারমা সম্প্রদায়ের ৩ বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের কাছ থেকে মিয়ানমারের ১ লাখ ৬৮ হাজার কিয়াত জব্দ করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ৯৮৮ টাকা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর চাকঢালা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার-৪৩ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে আসার সময় ৩জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মিতে প্রশিক্ষণ নেওয়ার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন- রাঙামাটির রাজস্থলী উপজেলার তাইতংপাড়া গ্রামের বাসিন্দা উয়ইমং মার্মা (২৫), বান্দরবানের রুমা উপজেলার টপাগই পাড়া গ্রামের বাসিন্দা গরাইমং মার্মা (৩০) ও একই উপজেলার সোনাইছড়ি নয়াপাড়া গ্রামের বাসিন্দা হলাচিংথোয়াই মার্মা (২৪)।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ৩জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের জন্য প্রচলিত আইনে মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলেও দাবি সংস্থাটি।