টাঙ্গাইল: জেলার গোপালপুরে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের সময় চারজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরেরভিটা গ্রামের বাসিন্দা মো. হাফিজুর রহমানের বসতবাড়িতে জবাই করার উদ্দেশ্যে ১২টি ঘোড়া একত্র করা হয়। এরমধ্যে আটটি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন—ঢাকার আশুলিয়া উপজেলার জামগড়া এলাকার হাসান হাওলাদারের ছেলে মো. হৃদয় (২৩), একই উপজেলার তৈয়বপুর এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে মো. সুমন (২০), ধনিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে মো. ফরহাদ (৩০) এবং লালমনিরহাটের আতিমমারী উপজেলার মোফাজ্জল হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২৪)।
গোপালপুর থানার উপপিরদর্শক (এসআই) আব্বাস উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে হেফাজতে নেয়। আটক চারজন ও উদ্ধার করা ঘোড়াগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।