পঞ্চগড়: জেলার দেবীগঞ্জে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুনবন্দর আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দেবীগঞ্জের পৌর এলাকার পাটোয়ারী পাড়ার আজাদের স্ত্রী মমতা বেগম (৩৭) ও মেয়ে মুনতাহা (৭। একই ঘটনায় আহত হয়েছেন আরেক মেয়ে মুবাশ্বিরা ও মোটরসাইকেল চালক মনিরুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল নাদের পরিবহণের একটি বাস। এ সময় উপজেলার সোনাহার ইউনিয়নেন বাবার বাড়ি থেকে মোটরসাইকেলে ফিরছিলেন মমতা বেগম ও তার যমজ দুই মেয়ে। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মমতার ভাগ্নে মনিরুল ইসলাম। তারা নতুনবন্দর আব্দুলপুর এলাকায় পৌঁছুলে ঢাকাগামী বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মমতা বেগম ও তার এক মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত মুবাশ্বিরা ও মোটরসাইকেল চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর ঘাতক বাসটি সোনাহার বাজার এলাকায় আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘাতক বাস ও চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’