রাজবাড়ী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে জেলা প্রশাসক আয়োজনে তিন দিনব্যাপী বইমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপনী হয়।
জানা গেছে, এবারের বইমেলায় ফিরে এসেছিল প্রাণের স্পন্দন। পাঠক, দর্শক ও প্রকাশকদের আনাগোনায় মুখরিত ছিল এই বইমেলা।
আলোচনা সভাতে জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের ভাইস চেয়ারম্যান এবিএম মঞ্জুরুল আলম দুলাল, বই ব্যাবসায়ী সমিতির মীর জুলফিকার আলি টিটু। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, বই হচ্ছে আমাদের জ্ঞানের আধার। একজন পাঠক তার বই থেকে যে জ্ঞান আহরণ করে এটি তাকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করে। এই মেলার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা অনেক নতুন নতুন বই সম্পর্কে জানতে পেয়েছে, বইগুলোর বিষয়বস্তু কি আছে তা উপলব্ধি করতে পারবে পাশাপাশি জ্ঞানপিপাসু ব্যক্তি হিসেবে তারা বইয়ের মাধ্যমে জ্ঞান সংগ্রহ করবে।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।