যশোর: যশোরে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী অভিযান চালানো হয়েছে। কয়েকটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও মেয়াদোত্তীর্ণ চিপস বিক্রি ও সংরক্ষণের অভিযোগে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের গোহাটা ও বড়বাজার এলাকায় এসব অভিযান চালানো হয়।
এরমধ্যে বড়বাজারের আরজি ট্রেডার্সে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১০ হাজার, মেয়াদোত্তীর্ণ চিপস সংরক্ষণ ও বিক্রি করায় দুই অপরাধে গোহাটার শিব ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙ মেশানো ও মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ চিপস নষ্ট করা হয়েছে। এ সময় স্বাস্থ্যসম্মত খাদ্য বিক্রি ও তার মূল্য টানানোর জন্য সতর্ক করে দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নের্তৃত্বে অভিযান চলাকালে উপস্থিত ছিলেন- সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, ক্যাব সদস্য ও র্যাব-৬ এর সদস্যরা।
নিত্য প্রয়োজনীয়সহ সব ধরনের পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক।