Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালাহউদ্দিনের নির্বাচনি প্রতিশ্রুতি
‘মাতামুহুরী’ উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৫ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫১

কক্সবাজার: স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে চকরিয়া উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত ‘মাতামুহুরী’ উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনিক এলাকা নির্ধারণ ও সার্বিক নিরীক্ষার অংশ হিসেবে প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, ‘মাতামুহুরী’ উপজেলা গঠন দীর্ঘদিনের জনদাবি। প্রশাসনিক তৎপরতার অংশ হিসেবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিদের মতামত নেওয়া হয়েছে। পাশাপাশি চকরিয়া উপজেলায় নতুন তিনটি ইউনিয়ন সৃষ্টির প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার জানান, প্রস্তাব অনুযায়ী, হারবাং ইউনিয়ন থেকে পৃথক করে ‘উত্তর হারবাং ইউনিয়ন’, বরইতলী ইউনিয়ন থেকে ‘পহরচাঁদা ইউনিয়ন’ এবং ডুলহাজারা ইউনিয়ন থেকে ‘মালুমঘাট ইউনিয়ন’ গঠন করা হবে। প্রস্তাবিত মাতামুহুরী উপজেলার জনসংখ্যা প্রায় ৩ লাখ। সাহারবিল, ভেওলা মানিকচর, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, কোনাখালী, ঢেমুশিয়া ও বদরখালী। এই ৭টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা করা হয়েছে। ইউনিয়নগুলোতে মাতামুহুরী নদী প্রবাহিত হয়েছে। মূলত এ নদীর নামেই নতুন উপজেলার নাম প্রস্তাব করা হয়েছে।

সভায় অংশ নেওয়া কক্সবাজার জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার দায়িত্ব নেওয়ার পরই মাতামুহুরী উপজেলা তৈরির প্রক্রিয়া বেগবান হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর প্রথম সভাতেই মাতামুহুরী উপজেলা অনুমোদিত হবে।

ইউসুফ বদরী আরও বলেন, ২০০১ সালে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে তৎকালীন বৃহত্তর চকরিয়া উপজেলা থেকে পৃথক করে পেকুয়া উপজেলা প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন সালাহউদ্দিন আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে জনগণের দাবির পরিপ্রেক্ষিতে মাতামুহুরী উপজেলা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

প্রস্তাবিত উপজেলার কোনাখালী ইউনিয়নের স্কুলশিক্ষক মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলে প্রান্তিক এলাকার মানুষের প্রশাসনিক সেবা প্রাপ্তি সহজ হবে এবং ভোগান্তি কমবে।

প্রসঙ্গত, দেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার জেলায় বর্তমানে ৯টি উপজেলা রয়েছে। মাতামুহুরী আনুষ্ঠানিক স্বীকৃতি পেলে এটি হবে পর্যটনসমৃদ্ধ এ জেলার ১০ম উপজেলা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর