সাতক্ষীরা: জেলায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) মারা গিয়েছেন বড় ভাই।
রোববার (২২ ফেব্রুয়ারি) ধূলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত দুই ভাই হলেন- ভালুকা চাঁদপুর উত্তরপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল করিম (৫২) ও আব্দুল গফুর (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাই আব্দুল গফুর ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রোববার ভোররাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ খবর শোনার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় বড় ভাই আব্দুল করিমের। পরে বিকেলে পারিবারিক কবরস্থানে দুই ভাইয়ের দাফন সম্পন্ন হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, এমন ঘটে থাকলে তা খুবই হৃদয়বিদারক। তবে ঘটনা সম্পর্কে থানায় কেউ তথ্য জানায়নি।