Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকরিয়ায় ব্যবসায়ী মুজিব হত্যার ঘটনায় অভিযুক্ত যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৭

চকরিয়া থানা।

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় ব্যবসায়ী মোহাম্মদ মুজিব (৪০) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মো. আরিফুল ইসলাম আরিফ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার কাকারা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। আটক আরিফ কাকারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কসাইপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত মুজিবের পরিবারের কাছ থেকে তথ্য সংগ্রহের পর সন্দেহভাজন হিসেবে আরিফুল ইসলাম আরিফকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

ওসি জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে আরিফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। এখনো পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের হয়নি। পরিবারের পক্ষ থেকে এজাহার জমা দেওয়া হলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মাংস ব্যবসায়ী মোহাম্মদ মুজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আরিফ। রাত ১১টার দিকে কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজারসংলগ্ন সড়কের পাশ থেকে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর