Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৫

প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ মুজিব (৪০) নামের এক মাংস ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মুজিব কাকারা ইউনিয়নের কসাইপাড়ার ৫ নম্বর ওয়ার্ডের মৃত ফকির মোহাম্মদের ছেলে। তিনি স্থানীয়ভাবে মাংস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

নিহতের ছোট ভাই আবদুল মালেক জানান, এদিন সন্ধ্যার দিকে একই এলাকার বাসিন্দা আরিফ নামের এক যুবক বাড়িতে এসে মুজিবকে ডাকেন। পরে মুজিব ইফতারের কিছু সামগ্রী দিয়ে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রাত ১১টার দিকে শাহ ওমর মাজারসংলগ্ন একটি বিল থেকে হাত-পা ও মুখে স্কচটেপ বাঁধা অবস্থায় মুজিবকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

পরিবারের দাবি, আরিফ ও তাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসব ঘটনায় থানা ও আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। আবদুল মালেকের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, আরিফ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বাবাও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গাঁজাসহ একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা গ্রেফতার হয়েছিলেন এবং পরে জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আরিফ নামের এক যুবক মুজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

ওসি আরও বলেন, ‘অভিযুক্ত আরিফকে আটক করার চেষ্টা চলছে। তাকে আটক করা গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথা জানিয়েছে।

বিজ্ঞাপন

ফ্রেমের ভাষায় গর্ব ও আবেগের একুশ [ছবি]
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১১

আরো

সম্পর্কিত খবর