Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সারাবাংলা ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৫

ঢাকা: যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় সারাদেশে পালিত হচ্ছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরেই জেলা ও উপজেলা পর্যায়ে শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহীদ হন। তাদের আত্মত্যাগের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয় বাংলার ভাষার অধিকার।

শহিদদের এই আত্মত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বজুড়ে দিনটি ভাষার মর্যাদা রক্ষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণের অঙ্গীকার নিয়ে পালন করা হচ্ছে।

বিজ্ঞাপন

দেশে দিনটি একই সঙ্গে মহান শহিদ দিবস হিসেবেও পালিত হয়ে আসছে। সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদন—

ময়মনসিংহ: যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে নগরীর টাউন হল শহীদ মিনার বেদিতে প্রথমে পূষ্পার্ঘ অর্পণ করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।

পরে ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলন, ময়মনসিংহ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, রক্তদান, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঠাকুরগাঁও: গভীর শ্রদ্ধা, নীরবতা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও সরকারি কলেজ শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পিরোজপুর: যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পিরোজপুরে পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ আব্দুর রাজ্জাক, সাইফ-মিজান স্মৃতি সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমদ সোহেল মনজুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূইয়া জনি। এ সময় বীর মুক্তিযোদ্ধা, সেনা ক্যাম্পের অধিনায়ক, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রংপুর: যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রংপুরে পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের ঢল নেমে আসে। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম রংপুর বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল জেলা-মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ শ্রদ্ধা জানান এবং ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী পুলিশের পক্ষ থেকে ফুল দেন। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীনসহ র‌্যাব-১৩, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, বিএনপি, সিপিবি, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি দপ্তর, পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষ একে একে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন: সারাদেশে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বিজ্ঞাপন

‘আমার কোনো পাতিনেতা থাকবে না’
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২

আরো

সম্পর্কিত খবর