কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের শীলখালী অস্থায়ী চেকপোস্টে যাত্রীবাহী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। তল্লাশিতে বিজিডি-১১২৮ নম্বরের প্রশিক্ষিত মাদক শনাক্তকারী কুকুর ‘হেনরি’ (ল্যাব্রাডার) অংশ নেয়। তল্লাশির একপর্যায়ে কুকুরটির সংকেতে প্রাইভেটকারের পেছনের সিট কভারের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট পাওয়া যায়। সেখান থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকারচালক মোহাম্মদ আরাফাতকে (২৩) আটক করা হয়েছে। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের সাবরাং গ্রামের হোসাইন আহমদের ছেলে। এ ছাড়া মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ প্রাইভেটকার ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও তারা কঠোর অবস্থানে রয়েছে। কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রেখে আসছে।