সিলেট: শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসীদের হয়রানি বন্ধসহ তাদের সকল সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তিনি প্রবাসীদের হয়রানি বন্ধ করার জোর পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমবারের মতো নিজ এলাকা সিলেট এসে ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দায়িত্ব গ্রহণের পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার বিষয়গুলো চিহ্নিত করার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশ গমনেচ্ছুদের যেন ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার শিকার হতে না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, মানুষের আশা-প্রত্যাশা পূরণে আমরা দায়বদ্ধ। দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি। হিংসা-বিদ্বেষ পরিহার করে সবাইকে সাথে নিয়ে সুন্দর পরিবেশ, সমাজ ও দেশ গড়তে চাই। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মানুষ ভোটের মাধ্যমে যে রায় দিয়েছেন, সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে মন্ত্রিত্ব উপহার দিয়েছেন, সেই উপহার আমার নির্বাচনি এলাকার জনগণ ও সিলেটবাসীর উপহার।
আরিফুল হক আরও বলেন, এখন থেকে আমার নির্বাচনি এলাকা ও দেশের জন্য কাজ করতে চাই। সততা, নিষ্ঠার সাথে যেন কাজ করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ও সেখানে জুমার নামাজ আদায় করবেন আরিফুল হক চৌধুরী। পরে বিকেলে তিনি দক্ষিণ সুরমা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের কবর জিয়ারত ও বরূনা মাদরাসায় পীর সাহেব রশীদুর রহমান ফারুক বর্ণভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মন্ত্রীর।
রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচনি এলাকা পরিদর্শন, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সুধিজনদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। ওইদিন বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।