পিরোজপুর: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সরকারি সফরে নিজ জেলা পিরোজপুরে আসছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ কায়সার খসরু স্বাক্ষরিত এক সরকারি বার্তায় এ তথ্য জানানো হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এবং শনিবার (২১ ফেব্রুয়ারি) তারিখে দুই দিনের এই সফরে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসংক্রান্ত অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ, ঢাকা ও বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৭টায় রাজধানীর গুলশান-২ এর নিজ বাসভবন থেকে সড়কপথে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর। সকাল সাড়ে ১০টায় তিনি পিরোজপুর সার্কিট হাউজে পৌঁছাবেন। এরপর রাত ১২টা ০১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে পিরোজপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে তিনি সার্কিট হাউজে অবস্থান ও রাত্রিযাপন করবেন।
শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
এছাড়া দুপুর ১২টা ৩০ মিনিটে বরিশাল গণপূর্ত জোন, বরিশাল গণপূর্ত সার্কেল, পিরোজপুর গণপূর্ত বিভাগ এবং পিরোজপুর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এই প্রতিমন্ত্রী।
একইদিন দুপুর দেড়টায় পিরোজপুর সার্কিট হাউজ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বিকেল সাড়ে ৫টায় গুলশান-২ এর বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।
সরকারি বার্তায় আরও জানানো হয়েছে, সফরকালে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা খান মোহাম্মদ মোশারফ হুসাইন আলতাব এবং গানম্যান মেহেদী হাসান সফরসঙ্গী হিসেবে সাথে থাকবেন।
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সরকারি জেলা সফর হওয়ায় স্থানীয় প্রশাসন ও গণপূর্ত সংশ্লিষ্ট দফতরগুলোতে প্রস্তুতির তৎপরতা লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।