Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে জেলের জালে ২০০ কেজি ওজনের পাখি মাইট্যা মাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৮ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

কক্সবাজার: কক্সবাজারের শাহপরীরদ্বীপ উপকূলে জেলের ট্রলারের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির পাখি মাইট্যা মাছ। বিশাল আকৃতির মাছটি স্থানীয় ফিশারিতে বরফ দিয়ে সংরক্ষণ করে পরে বিক্রির জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা সব্বির আহম্মদের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ১১ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যায়। ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপ-এর পশ্চিমে জাল ফেললে বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে বড় আকারের একটি পাখি মাইট্যা মাছ জালে আটকা পড়ে।

বিজ্ঞাপন

ট্রলার মালিক সব্বির আহম্মদ বলেন, ‘জাল তোলার সময় এত বড় মাছ দেখে আমরা অবাক হয়ে যাই। পরে ওজন করে দেখা যায় মাছটির ওজন প্রায় ২০০ কেজি।’ তিনি জানান, মাছটি স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাছটি শাহপরীরদ্বীপ থেকে এনে কায়ুকখালী ফিশারিতে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়। পরে সেখান থেকে গাড়িযোগে বরফসহ মাছটি চট্টগ্রাম ফিশারি ঘাটে পাঠানো হয়েছে।

মাছ ব্যবসায়ী সৈয়দ আলম বলেন, ‘সব্বিরের ট্রলারে ধরা পড়া মাছটি আমরা ৪০ হাজার টাকায় কিনেছি। বর্তমানে মাছটি চট্টগ্রামে পাঠানো হয়েছে। সেখানে বিক্রি করা হবে।’

মৎস্য ব্যবসায়ীরা জানান, পাখি মাছ বা পাখি মাইট্যা যা সেইলফিশ বা মার্লিন নামেও পরিচিত। সমুদ্রের দ্রুতগামী মাছগুলোর মধ্যে অন্যতম। এদের পিঠের বড় পাখনার মতো অংশ দূর থেকে পাখির ডানার মতো দেখায়। সেখান থেকেই এ নামের উৎপত্তি। বঙ্গোপসাগরে মাঝেমধ্যে এ ধরনের মাছ ধরা পড়লেও এত ওজনের মাছ সচরাচর দেখা যায় না বলে জানিয়েছেন তারা।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর