কুড়িগ্রাম: কুড়িগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম (৫৮) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে নাজমুল ইসলাম আহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শহরের ধরলা ব্রিজ এলাকার তারামন বিবির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড় গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নজরুল ইসলাম সকালে তার ছেলে নাজমুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথে তারামন বিবির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম নিহত হন এবং তার ছেলে গুরুতর আহত হন। আহত নাজমুল ইসলামও সেনা সদস্য বলে জানা গেছে।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।