Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাশনেবল পোশাক ও স্টাইলে হ্যান্ডব্যাগ

ফারহানা নীলা সিনিয়র করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৭:৪৮

ফ্যাশন মানেই কেবল দামী পোশাক আর মেকআপ নয়; বরং ব্যক্তিত্বের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে আনুষঙ্গিক বা অ্যাকসেসরিজের সঠিক ব্যবহারে। আর একজন নারীর ফ্যাশন স্টেটমেন্টে ‘ব্যাগ’ কেবল প্রয়োজনীয় বস্তু নয়, এটি তার রুচি ও আভিজাত্যের প্রতীক। ঢাকার ব্যস্ত রাস্তা থেকে শুরু করে অভিজাত পার্টি; সবখানেই এখন ব্যাগের জয়জয়কার। কিন্তু সমস্যা বাঁধে তখনই, যখন আমরা বুঝতে পারি না কোন পোশাকের সাথে কোন ব্যাগটি মানানসই হবে। আজ আপনাদের জানাব ব্যাগের আদ্যোপান্ত এবং সঠিক কম্বিনেশনের কিছু টিপস।

ব্যাগের বৈচিত্র্য

ফ্যাশন দুনিয়ায় ব্যাগের দুনিয়া বিশাল। শপিং করার আগে বা সাজগোজের আগে ব্যাগের ধরণগুলো চিনে নেওয়া জরুরি:

বিজ্ঞাপন

টোট ব্যাগ (Tote Bag): এটি মূলত বড় আকারের আয়তাকার ব্যাগ, যাতে দুটি বড় হাতল থাকে। অফিসের নথিপত্র থেকে শুরু করে ল্যাপটপ বা দরকারি সব কিছু এতে এঁটে যায়।

স্লিং ব্যাগ (Sling Bag): যারা খুব বেশি ভারী কিছু বহন করতে চান না, তাদের জন্য এটি আদর্শ। লম্বা ফিতা থাকে যা কাঁধের একপাশ দিয়ে আড়াআড়িভাবে ঝোলানো যায়।

ক্লাচ (Clutch): এটি ছোট আকারের হাতব্যাগ, যার কোনো ফিতা থাকে না। সাধারণত বিয়ে বাড়ি বা ফরমাল পার্টিতে হাতের তালুতে ধরা হয়।

স্যাচেল (Satchel): দেখতে অনেকটা স্কুলের ব্যাগের মতো হলেও এটি বেশ স্টাইলিশ। সাধারণত এর সামনের দিকে ফ্ল্যাপ এবং বাকল থাকে।

বোহো বা হোবো ব্যাগ (Hobo Bag): এটি অর্ধচন্দ্রাকৃতির এবং নরম উপাদানে তৈরি। আরামদায়ক বা ক্যাজুয়াল লুকে এটি দারুণ মানায়।

বকেট ব্যাগ (Bucket Bag): বালতির মতো আকৃতি এবং ওপরের দিকে দড়ি দিয়ে মুখ বন্ধ করার ব্যবস্থা থাকে। বর্তমানে এটি তরুণীদের মধ্যে বেশ জনপ্রিয়।

কোন পোশাকে কেমন ব্যাগ?

চলুন এবার জেনে নেয়া যাক, আপনার ফ্যাশনের সাথে তাল মিলিয়ে, কোন পোশাকের সঙ্গে কেমন ব্যাগ নিবেন…

শাড়ির সাথে আভিজাত্যের ছোঁয়া

বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি। শাড়ির সাথে বড় টোট ব্যাগ বা ব্যাকপ্যাক একদমই বেমানান। সুতি বা জামদানি শাড়ির সাথে কাপড়ের তৈরি এমব্রয়ডারি করা ক্লাচ বা ছোট পোটলি ব্যাগ দারুণ মানায়। আবার যদি সিল্ক বা কাতান শাড়ি পরে কোনো জমকালো অনুষ্ঠানে যান, তবে মেটালিক ফ্রেমের গর্জিয়াস ক্লাচ বেছে নিন। মনে রাখবেন, শাড়ির আঁচল যদি খুব বেশি কাজ করা হয়, তবে ব্যাগটি যেন কিছুটা সিম্পল বা একরঙা হয়।

সালোয়ার কামিজ ও কুর্তির সাথে ক্যাজুয়াল লুক

দৈনন্দিন অফিস বা ভার্সিটিতে যারা সালোয়ার কামিজ বা কুর্তি পরেন, তাদের জন্য স্লিং ব্যাগ বা মিডিয়াম সাইজের স্যাচেল ব্যাগ সেরা। বিশেষ করে যারা সারাদিন বাইরে থাকেন, তারা লেদারের তৈরি টোট ব্যাগ ব্যবহার করতে পারেন। কুর্তির সাথে ফেব্রিক বা পাটের তৈরি বোহো স্টাইল ব্যাগ এখন বাংলাদেশের ট্রেন্ড। এতে পোশাকে একটি ‘ফিউশন’ লুক আসে।

পাশ্চাত্য পোশাকে স্মার্টনেস

জিন্স, টপস বা ফরমাল শার্ট-প্যান্টের সাথে চেইন দেওয়া স্লিং ব্যাগ বা ল্যাপটপ ব্যাগ (যদি অফিস হয়) মানানসই। লং ড্রেস বা গাউনের সাথে স্টাইলিশ বকেট ব্যাগ বা ছোট হাতলওয়ালা ‘বক্স ব্যাগ’ ব্যবহার করলে আপনাকে দেখাবে অনন্য। ওয়েস্টার্ন ড্রেসের সাথে লেদারের ফিনিশিং যত ভালো হবে, আপনার স্মার্টনেস তত বাড়বে।

ব্যাগের রঙ ও ঋতু বৈচিত্র্য

আমাদের দেশে ঋতুভেদে ব্যাগের রঙ নির্বাচনেও পরিবর্তন আনা জরুরি। গ্রীষ্মের তপ্ত দুপুরে হালকা রঙ যেমন; অফ হোয়াইট, পিচ বা লেমন রঙের ব্যাগ চোখের প্রশান্তি দেয়। অন্যদিকে বর্ষায় কৃত্রিম চামড়া বা রেক্সিনের ব্যাগ ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। শীতের সময় উজ্জ্বল ও গাঢ় রঙ যেমন; মেরুন, নেভি ব্লু বা কালো লেদারের ব্যাগে আপনাকে রাজকীয় দেখাবে।

কিছু টিপস

দৈহিক গঠন: উচ্চতা কম হলে খুব বেশি বড় ব্যাগ ব্যবহার করবেন না, এতে আপনাকে আরও খাটো দেখাতে পারে। লম্বা ব্যক্তিদের জন্য হোবো বা বড় টোট ব্যাগ মানানসই।

অনুষ্ঠান বুঝে ব্যাগ: বিয়ের অনুষ্ঠানে অফিসের ব্যাগ নিয়ে যাওয়া যেমন ভুল, তেমনি গ্রোসারি শপিংয়ে গর্জিয়াস ক্লাচ নিয়ে যাওয়াও হাস্যকর। তাই স্থান ও কাল বুঝে ব্যাগ নির্বাচন করুন।

পরিচ্ছন্নতা: ব্যাগের বাইরের দিকের পাশাপাশি ভেতরের অংশও নিয়মিত পরিষ্কার রাখুন। একটি অপরিষ্কার ব্যাগ আপনার পুরো সাজগোজ নষ্ট করে দিতে পারে।

ব্যাগ শুধু প্রয়োজনীয় জিনিস বহন করার মাধ্যম নয়, এটি আপনার ব্যক্তিত্বের আয়না। তাই পোশাকের সাথে সঠিক ব্যাগের মেলবন্ধন ঘটিয়ে হয়ে উঠুন আগাগোড়া অনন্যা। আত্মবিশ্বাসের সাথে সঠিক ব্যাগটি কাঁধে নিন, দেখবেন আপনার সাধারণ সাজটিও হয়ে উঠেছে অসাধারণ।

বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর