ব্যবহারকারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় চমক নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এখন থেকে গ্রুপে নতুন কোনো সদস্য যুক্ত হলে তিনি আগের কথোপকথন বা ‘চ্যাট হিস্ট্রি’ দেখার সুযোগ পাবেন।
গ্রুপ মেসেজ হিস্ট্রি: যেভাবে কাজ করবে
আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন কেউ যোগ দিলে তিনি আগের কোনো বার্তা দেখতে পেতেন না। নতুন এই ফিচারের ফলে গ্রুপ অ্যাডমিন বা সদস্য যখন কাউকে ইনভাইট করবেন, তখন একটি ‘সেন্ড মেসেজ হিস্ট্রি’ অপশন পপ-আপ হিসেবে আসবে।
কতটি মেসেজ শেয়ার করা যাবে: দিন বা তারিখ নয়, বরং মেসেজ বাবলের সংখ্যার ভিত্তিতে সর্বশেষ ২৫, ৫০, ৭৫ বা ১০০টি পর্যন্ত মেসেজ শেয়ার করার অপশন বেছে নেওয়া যাবে।
স্বচ্ছতা ও লেবেলিং: নতুন সদস্য যখন গ্রুপে ঢুকবেন, তিনি একটি বিশেষ লেবেল দেখতে পাবেন। সেখানে কোন সময় থেকে মেসেজ হিস্ট্রি শেয়ার করা হয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
গোপনীয়তা: মেসেজ হিস্ট্রি শেয়ার হলেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন (End-to-End Encrypted) নীতি বজায় থাকবে। অর্থাৎ, নিরাপত্তা ও প্রাইভেসি নিয়ে কোনো ঝুঁকি থাকছে না।
সবাই পাবেন নোটিফিকেশন
গ্রুপে যখনই কোনো নতুন সদস্যের সাথে হিস্ট্রি শেয়ার করা হবে, তখন গ্রুপের প্রতিটি সদস্য একটি নোটিফিকেশন পাবেন। এতে কে কতটি মেসেজ শেয়ার করেছেন এবং কোন সময় পর্যন্ত তা দেখা যাবে, তার বিস্তারিত টাইমস্ট্যাম্প থাকবে। এতে করে গ্রুপের ভেতরে তথ্য আদান-প্রদান আরও স্বচ্ছ হবে।