Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পয়লা বৈশাখে বিঞ্জে জেফার-প্রীতম

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬ ১৬:৫৩

রোমান্টিক ড্রামা নির্মাণে শিহাব শাহীনের মুন্সিয়ানা বরাবরই দর্শকদের পছন্দের তালিকায় থাকে। এবার সেই তালিকায় নতুন মাত্রা যোগ করতে আগামী ১৪ এপ্রিল, অর্থাৎ পয়লা বৈশাখের উৎসবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। এই চলচ্চিত্রের বিশেষ চমক হলো এর অভিনয়শিল্পী নির্বাচন; প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধে হাজির হচ্ছেন দেশের দুই জনপ্রিয় সংগীত তারকা জেফার রহমান ও প্রীতম হাসান। গতানুগতিক ধারার বাইরে গিয়ে দুই বিপরীতধর্মী মানুষের সম্পর্কের রসায়ন নিয়ে গড়ে উঠেছে এই সিনেমার মূল কাহিনি।

গল্পের সূচনা হয় অত্যন্ত সাধারণ একটি ঘটনা দিয়ে,ভুল ঠিকানায় চলে আসা একটি ফুড ডেলিভারি। এই ছোট্ট ভুল থেকেই সূত্রপাত হয় এমন এক ঘটনার, যা সম্পূর্ণ অপরিচিত দুই মানুষের জীবনকে এক সুতোয় গেঁথে ফেলে। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রের একজন প্রীতম হাসান, যার চরিত্রটি বেশ আবেগপ্রবণ ও স্বতঃস্ফূর্ত; সে বিশ্বাস করে পৃথিবীর প্রতিটি ঘটনার পেছনেই কোনো না কোনো গূঢ় কারণ থাকে। অন্যদিকে জেফার রহমানের চরিত্রটি তার ঠিক বিপরীত শান্ত ও বাস্তববাদী। তিনি যে কোনো সম্পর্কের আগে যুক্তি খোঁজেন এবং আবেগ সহজে গ্রহণ করতে চান না। বারবার তাদের পথ এক হওয়ার মধ্য দিয়ে গল্পটি এক অদৃশ্য শক্তির উপস্থিতির দিকে ইঙ্গিত দেয়, যা দর্শকদের মনে প্রশ্ন জাগাবে এসব কি শুধুই কাকতালীয় নাকি অমোঘ কোনো নিয়তি? আবেগ ও যুক্তির এই দ্বৈরথ শেষ পর্যন্ত তাদের কোথায় নিয়ে দাঁড় করায়, তাই নিয়ে নির্মিত হয়েছে ‘তুমি আমি শুধু’, যা দর্শকদের জন্য এক ভিন্নধর্মী ও হৃদয়স্পর্শী অভিজ্ঞতা হবে বলে আশা করা যাচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর