Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ধুরন্ধর’— একদিকে ১৫০০ কোটির ধামাকা, অন্যদিকে চিত্রনাট্য চুরির বিতর্ক

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ এপ্রিল ২০২৬ ১৬:৫০

বলিউড পাড়ায় এখন আলোচনার কেন্দ্রে রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। মুক্তির মাত্র ১৬ দিনেই বিশ্বব্যাপী প্রায় ১৫০০ কোটি রুপির ব্যবসা করে বক্স অফিসে এক নতুন ইতিহাস রচনা করেছে এই ছবি। সাফল্যের এই আকাশছোঁয়া উন্মাদনার মাঝেই হঠাৎ করে সামনে এসেছে এক গুরুতর আইনি বিতর্ক। পরিচালক সন্তোষ কুমার অভিযোগ তুলেছেন যে, তার মৌলিক চিত্রনাট্য চুরি করেই ‘ধুরন্ধর’ নির্মাণ করেছেন পরিচালক আদিত্য ধর। এই অভিযোগকে কেন্দ্র করে এখন সরগরম বি-টাউন। তবে দমে যাওয়ার পাত্র নন ‘ধুরন্ধর’-এর নির্মাতা আদিত্য ধর। তিনি এই অভিযোগকে সরাসরি নাকচ করে দিয়ে পাল্টা আইনি পথে হাঁটার ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সন্তোষ কুমার দাবি করেছেন, তার নিজস্ব প্রজেক্ট ‘ডি-সাহেব’ ছবির মূল কাহিনী থেকেই ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির গল্প সাজানো হয়েছে। তার মতে, একটি তরুণের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা এবং পরবর্তী সময়ে সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার যে লড়াই পর্দায় দেখানো হয়েছে, তা হুবহু তার চিত্রনাট্যের সঙ্গে মিলে যায়। সন্তোষের অভিযোগ, তিনি এই বিষয়ে কথা বলতে আদিত্য ধরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। পরবর্তীতে প্রযোজনা সংস্থা জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওস-এর সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে বিভিন্নভাবে হেনস্তার শিকার হতে হয়েছে বলে তিনি দাবি করেন।

পাল্টা যুক্তিতে ‘ধুরন্ধর’ টিম জানিয়েছে, এই সিনেমাটি সম্পূর্ণভাবে আদিত্য ধরের নিজস্ব ও মৌলিক সৃষ্টি। তথ্যানুসারে, আদিত্য ধর ২০২৩ সালের সেপ্টেম্বর মাসেই স্ক্রিন রাইটার অ্যাসোসিয়েশনের কাছে এই চিত্রনাট্যটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছিলেন। অন্যদিকে, অভিযোগকারী সন্তোষ কুমার নিজেই স্বীকার করেছেন যে তার ‘ডি-সাহেব’ স্ক্রিপ্টটি নিবন্ধিত হয়েছে একই বছরের নভেম্বর মাসে। অর্থাৎ সময়ের হিসেবে আদিত্য ধরের কাজই আগে নথিবদ্ধ হয়েছে। এই শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েই আদিত্য ধর ইতোমধ্যে সন্তোষ কুমারকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে ছবির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টার বিরুদ্ধে তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বক্স অফিসের অপ্রতিরোধ্য গতির মাঝে এই বিতর্কের শেষ কোথায় হয়, তা দেখার অপেক্ষায় এখন পুরো বলিউড।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর