মাল্টিপ্লেক্সে সফলতার পরে ‘রাক্ষস’ মুক্তি পেয়েছে সিঙ্গেল স্ক্রিনে। সেখানেও দারুণ সূচনা করেছে রোমান্টিক অ্যাকশন থ্রিলার ছবিটি। জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) ছবিটি আয় করেছে ৪১ লাখ টাকার অধিক। ছবিটির এ আয়ে দারুণ খুশি হল মালিকরা।
বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেমা হলের প্রোপাইটার আর এম ইউনুস রুবেল বলেন, “শুক্রবার ছুটির দিনে ‘রাক্ষস’ সিনেমার সবগুলো শো হাউসফুল ছিল। শুরুতে আমাদের ধারণা ছিল আজ হয়তো দর্শক কমবে। কিন্তু সেটা ঘটেনি। আজও সবগুলো শো হাউসফুল যাচ্ছে। সিনেমাটি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া দারুণ। মনে হচ্ছে সিনেমাটি দীর্ঘদিন চলবে।”
মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, রাক্ষস পুরোপুরি কমার্শিয়াল সিনেমা—সিঙ্গেল স্ক্রিনে ভালো ব্যবসা করছে। ছুটির দিনে (শুক্রবার) দর্শক আশানুরূপ ছিল। আজও ভালো আছে। এই ধারা অব্যাহত থাকলে সিনেমাটি দিয়ে ভালো ব্যবসা হতে পারে।”
প্রথমে শুধু মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছিল ‘রাক্ষস’। এ সপ্তাহ থেকে ৩০টির মত সিঙ্গেল স্ক্রিনে চলছে ছবিটি। যোজনা সংস্থা ও প্রদর্শক সমিতির বরাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আনন্দ সিনেমা (কুলিয়ারচর), মনিহার সিনেমা ও মনিহার সিনেপ্লেক্স (যশোর), মম ইন ও মধুবন (বগুড়া), রাজ তিলক (রাজশাহী), সুগন্ধা (চট্টগ্রাম), মধুমিতা, আনন্দ ও শ্যামলী (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), স্বপ্নীল (কুষ্টিয়া)সহ আরও বেশ কিছু হলে চলছে ‘রাক্ষস’। আগামী সপ্তাহে হল সংখ্যা আরও দ্বিগুন হবে বলে জানিয়েছেন সিনেমাটির অন্যতম প্রযোজক শাহরীন আক্তার সুমি।
‘রাক্ষস’ মূলত ‘বরবাদ ইউনিভার্স’-এর অংশ হিসেবে নির্মিত। সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। এছাড়া রয়েছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে। বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। এটি প্রযোজনা করেছে রিয়েল এনার্জি প্রডাকশন।
তৃতীয় সপ্তাহেও সিনেমাটির দর্শক রেসপন্স নিয়ে পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন, ‘ভালো সিনেমা দর্শকদের কাছে ধীরে ধীরে হরেও স্থান পাবে। প্রথমে মাল্টিপ্লেক্সে আমাদের শো কম হওয়ায় দর্শকরা সিনেমাটি দেখতে এসেও দেখার সুযোগ পাননি অনেকেই। ফলে এখনও দর্শকদের চাপ রয়েছে। তৃতীয় সপ্তাহে এসেও সিনেমাটি অলমোস্ট হাউজফুল যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি বড় সাড়া পাচ্ছে। কারণ সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা যে ধরনের সিনেমা দেখে আনন্দ পান তার সবই এতে রয়েছে।’
বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইতে হয়েছে সিনেমাটির শুটিং। এটি পরিচালকের দ্বিতীয় সিনেমা। প্রথম সিনেমা ‘বরবাদ’ করে দারুণ আলোচনায় আসেন তিনি।