Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ‘হ্যারি পটার’ সিরিজের প্রথম ঝলক প্রকাশ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ মার্চ ২০২৬ ১৯:২৪

হ্যারি পটার প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাদুকরী দুনিয়ার নতুন রূপ উন্মোচিত হলো। এইচবিও-র বহুপ্রতীক্ষিত হ্যারি পটার সিরিজের প্রথম ঝলক সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে উত্তেজনার ঝড়। সিরিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত একটি স্থিরচিত্রে দেখা গেছে চিরচেনা হগওয়ার্টস এবং কুইডিচ মাঠের এক মায়াবী রূপ। যেখানে নতুন হ্যারি হিসেবে ডমিনিক ম্যাকলাফলিনকে প্রথমবার পর্দায় দেখার সুযোগ পেল ভক্তরা। ছবিতে দেখা যায়, গ্রিফিন্ডর হাউসের সেই ঐতিহ্যবাহী লাল ও সোনালি রঙের আলখাল্লা পরে হ্যারি কুইডিচ মাঠের দিকে এগিয়ে যাচ্ছেন, আর তার সামনেই উড়ছে গ্রিফিন্ডর ও হাফেলপাফের পতাকা।

বিজ্ঞাপন

জে কে রাউলিং-এর মূল বইয়ের কাহিনী অবলম্বনে নির্মিত এই সিরিজে এবার একঝাঁক নতুন মুখ দেখা যাবে। মূল সিনেমার সেই নস্টালজিয়া বজায় রেখে ফ্রান্সেসকা গার্ডিনার ও মার্ক মাইলোড সিরিজটিকে আরও আধুনিক ও বিস্তারিতভাবে ফুটিয়ে তোলার দায়িত্ব নিয়েছেন। বর্তমানে যুক্তরাজ্যের লিভসডেন স্টুডিওতে সিরিজটির দৃশ্যধারণের কাজ পুরোদমে চলছে। পুরানো সিনেমার মতোই এখানেও দেখা যাবে অনাথ এক কিশোরের জাদুকর হয়ে ওঠার গল্প, মাগল পরিবার ছেড়ে হগওয়ার্টসে যাত্রা এবং বন্ধুদের সঙ্গে নিয়ে অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়াইয়ের সেই চিরচেনা রোমাঞ্চ।

ভক্তদের জন্য এই সিরিজটি হতে যাচ্ছে অনেকটা হারানো শৈশব ফিরে পাওয়ার মতো। যারা সিনেমার প্রতিটি দৃশ্য মুখস্থ করে ফেলেছেন, তাদের জন্য সিরিজের দীর্ঘ পরিসরে গল্পের খুঁটিনাটি দেখার সুযোগ থাকবে। হ্যারির চশমা আর কপালে সেই বজ্রপাতের দাগ আবারও পর্দায় দেখার জন্য বিশ্বজুড়ে তৈরি হয়েছে এক অন্যরকম উন্মাদনা। এই নতুন হ্যারি পটার সিরিজটি কেবল একটি রিমেক নয়, বরং নতুন প্রজন্মের কাছে জাদুর জগতের দরজা আবারও নতুন করে খুলে দেওয়ার এক সাহসী প্রচেষ্টা।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর