যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি-র ব্রুকলিনে এক রেস্তোরাঁয় নাইজেরীয় ফ্যাশন ডিজাইনার শেরিফ শিত্তু-কে গুলি করে হত্যা করা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি ভোরে ইস্ট ফ্ল্যাটবুশে অবস্থিত জনপ্রিয় Quilox Restaurant & Lounge-এ এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার দিন শেরিফ তার ভাইবোনদের নিয়ে একটি জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সেখানে একজন মদ্যপ ব্যক্তি অসংলগ্ন আচরণ শুরু করেন এবং একপর্যায়ে শেরিফের প্রেমিকা ও অন্য নারীদের উত্ত্যক্ত করেন। এর প্রতিবাদ করতে গেলে ওই ব্যক্তির সঙ্গে শেরিফের হাতাহাতি হয়।
পরবর্তীতে নিরাপত্তাকর্মীরা অভিযুক্ত ব্যক্তিকে লাউঞ্জ থেকে বের করে দেওয়ার সময় তিনি আকস্মিকভাবে গুলি চালান। গুরুতর আহত অবস্থায় শেরিফকে Brookdale University Hospital Medical Center-এ নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর শেরিফের পরিবার ক্লাবটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। নিহতের ছোট ভাই সালেম শিত্তু প্রশ্ন তুলেছেন, কীভাবে একজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে একটি জনপ্রিয় ক্লাবে প্রবেশ করতে পারলেন এবং কেন যথাযথ তল্লাশি করা হয়নি। পরিবারটি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।
পুলিশ জানিয়েছে, গুলি চালানোর পর অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজে তাকে জিন্স প্যান্ট ও ধূসর রঙের জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।