ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি এবারের রমজানটা অনেকটা অন্যরকম কাটাচ্ছেন। জীবনের প্রতিটা বাঁকে ছায়ার মতো পাশে থাকা প্রিয় নানুভাই এবার নেই, তাই সেহরি ও ইফতারের সময়গুলো তার কাছে বিশেষভাবে ভারাক্রান্ত হয়ে উঠেছে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ব্যক্তিজীবন, আসন্ন ঈদ এবং ক্যারিয়ারের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন পরীমণি। তিনি বলেন, ‘বাসায় মুরুব্বীরা নেই, তাই নানুভাইকে খুব মিস করছি। রোজার দিনে নানুভাইয়ের স্মৃতিই বেশি মনে আসে। উনার জন্য সেহরি বানানো, ইফতারের আয়োজন করা সবকিছু উনাকে ঘিরেই ছিল।’
নিজের ইফতার প্রসঙ্গে পরী জানান, ‘আমি দুধ-কলা-ভাত বেশি পছন্দ করি। ইফতারে ভাজাপোড়া খাই না, শরবত আর খেজুর দিয়েই সেরে নিই।’
ঈদকে কেন্দ্র করে আলাদা করে কেনাকাটা করার অভ্যাস তার নেই। তবে নিজের চেয়েও ইন্ডাস্ট্রির ভালো থাকাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। পরীমণি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি এবং আমাদের সিনেমা আমি চাই প্রত্যেকটা সিনেমাই ভালো করুক এবং ব্যবসায় সফল হোক। এখন ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই দরকার।’
নতুন কাজ নিয়ে এখনই বিস্তারিত কিছু বলেননি এই নায়িকা। তিনি জানান, ‘আপাতত যে কাজের জন্য আসছি, সেটাকেই ফোকাস করতে চাই। এখনই সবকিছু প্রকাশ করার তাড়া নেই। ইনশাআল্লাহ, সামনে আপনাদের সব জানাবো।’