Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রচারণায় বুবলী

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৭

ঢালিউডের ঈদ মানেই যেন নতুন সিনেমা আর চেনা মুখের নতুন চমক। সেই ধারাবাহিকতায় এবারও আলোচনায় চিত্রনায়িকা শবনম বুবলী। অভিষেকের পর থেকে প্রায় প্রতি ঈদেই তার এক বা একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। এবারও ব্যতিক্রম নয়, তবে পরিস্থিতির কারণে কিছু হিসাব বদলে গেছে।

কিছুদিন আগে শোনা গিয়েছিল, আসন্ন ঈদুল ফিতরে বুবলী অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেতে পারে প্রেশার কুকার, ঢাকাইয়া দেবদাস ও পিনিক। কিন্তু ব্যক্তিগত কারণে ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং আপাতত স্থগিত রেখেছেন এই অভিনেত্রী। জানা গেছে, তিনি মা হতে চলেছেন। তাই শুটিং থেকে বিরতি নিয়ে শিগগিরই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। ফলে ছবিটি ঈদে মুক্তির সম্ভাবনা আপাতত নেই।

বিজ্ঞাপন

এদিকে ঈদকে সামনে রেখে জোর প্রচারণা শুরু হয়েছে ‘প্রেশার কুকার’ নিয়ে। সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম অফিশিয়াল পোস্টার। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। পোস্টারে বুবলীর সঙ্গে দেখা গেছে নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তকে। নায়কবিহীন এই সিনেমার ভিজ্যুয়ালেই স্পষ্ট গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে নারীরা।

নির্মাতার ভাষায়, ঢাকা শহর যেন মেয়েদের জন্য এক ‘প্রেশার কুকার’। নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব আর ব্যক্তিগত সংগ্রামের ভেতর দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রা তুলে ধরা হবে ছবিতে। বাণিজ্যিক বাংলা সিনেমায় নতুন ধারার গল্প বলার প্রত্যাশাও জানিয়েছেন তিনি।

ছবিটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যানারে। প্রযোজনায় আছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। দীর্ঘ ২১ বছর পর ঈদ উৎসবে সিনেমা নিয়ে ফিরছে প্রতিষ্ঠানটি, এ দিক থেকেও এটি বিশেষ আয়োজন।

অন্যদিকে ‘পিনিক’ সিনেমাটিও রয়েছে আলোচনায়। জাহিদ জুয়েল পরিচালিত এ ছবিতে বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন আদর আজাদ। গত কোরবানি ঈদে মুক্তির কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। এবার ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

নতুন সিনেমা, নতুন চরিত্র আর ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় সব মিলিয়ে সময়টা বুবলীর জন্য বিশেষ। বড় পর্দায় তার উপস্থিতি কতটা জোরালো হবে, তা জানা যাবে ঈদের প্রেক্ষাগৃহের আলো জ্বললেই।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

দই দিয়ে চানাচুর! জয়ার ভিন্ন রকম ইফতারি
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৪

আরো

সম্পর্কিত খবর