Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাফটার মঞ্চে চমকের নাম রবার্ট আরামায়ো

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৯

লন্ডনের ঐতিহাসিক রয়্যাল আলবার্ট হল-এ বসেছিল ব্রিটিশ চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আসর British Academy Film Awards-এর ৭৯তম আয়োজন। আলো, করতালি আর তারকাদের ঝলকে ভরা সেই সন্ধ্যায় প্রত্যাশিত জয় যেমন ছিল, তেমনি ছিল এক বড় চমক। আর সেই চমকের নাম রবার্ট আরামায়ো।

এ বছর পুরস্কার মৌসুম জুড়ে দাপট দেখানো One Battle After Another বাফটাতেও তার প্রভাব বজায় রেখেছে। সেরা সিনেমা, সেরা পরিচালকসহ ছয়টি বিভাগে জয় তুলে নেয় ছবিটি। ছবির নির্মাতা পল থমাস অ্যান্ডারসন সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন। অস্কার মনোনয়নে শীর্ষে থাকা এই সিনেমার ধারাবাহিক সাফল্য তাই অনেকটাই অনুমিত ছিল।

কিন্তু সব পূর্বানুমানকে ছাপিয়ে গেলেন রবার্ট আরামায়ো। ‘নবাগত অভিনেতা’ বিভাগে তার নাম ঘোষণার পর করতালি ছিল প্রত্যাশিত। তবে সেরা অভিনেতা বিভাগে যখন তার নাম উচ্চারিত হলো, তখনই যেন হলঘরে তৈরি হয় বিস্ময়ের ঢেউ। I Swear ছবির জন্য তিনি হারিয়ে দিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও, মাইকেল বি জর্ডান, ইথান হক ও টিমোথি শ্যালামে-এর মতো তারকাদের। তরুণ এই অভিনেতার হাতে সেরা অভিনেতার ট্রফি উঠতেই স্পষ্ট হয়, এবারের বাফটার সবচেয়ে আলোচিত মুহূর্তটি তিনিই উপহার দিয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, Sinners তিনটি পুরস্কার জিতলেও প্রত্যাশার তুলনায় কিছুটা পিছিয়েই ছিল। সেরা ব্রিটিশ সিনেমা হয়েছে Hamnet, আর এ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি। কারিগরি বিভাগে উজ্জ্বল উপস্থিতি ছিল Frankenstein-এর।

এবারের আসর ভারতের জন্যও স্মরণীয় হয়ে থাকল। প্রথমবারের মতো প্রেজেন্টার হিসেবে বাফটার মঞ্চে উঠলেন আলিয়া ভাট। ইংরেজি ভাষার বাইরের সেরা সিনেমার বিজয়ীর নাম তিনি ঘোষণা করেন হিন্দিতে, পরে নিজেই তা ইংরেজিতে অনুবাদ করেন, যা দর্শকদের কাছে ছিল বিশেষ মুহূর্ত। একই সঙ্গে প্রযোজক হিসেবে পুরস্কার জিতেছেন ফারহান আখতার। তার প্রযোজিত Bun চিলড্রেনস অ্যান্ড ফ্যামিলি ফিল্ম বিভাগে সেরা হয়েছে, বড় বাজেটের হলিউড ছবিকে পেছনে ফেলে।

সব মিলিয়ে ৭৯তম বাফটা ছিল তারকাখচিত, প্রত্যাশায় ভরা এবং চমকে রঙিন এক সন্ধ্যা। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে যিনি সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছেন, তিনি রবার্ট আরামায়ো। নবাগত থেকে সেরা অভিনেতা, এক রাতেই যেন নিজের অবস্থান বদলে দিলেন তিনি।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর